কুষ্টিয়ায় অ্যাসিডের মামলায় তিনজন গ্রেপ্তার, রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার নিশ্চিন্তবাড়িয়ায় অষ্টম শ্রেণীর ছাত্রী আমেনা খাতুন ওরফে কাকলির ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত বৃৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে খোকসা ও রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আসামিরা হলেন নিশ্চিন্তবাড়িয়া গ্রামের হাবিল শেখের ছেলে হাফিজ শেখ (২১), শোমসপুর গ্রামের জালাল বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৩) ও পদ্মবিল গ্রামের শাহজাহানের ছেলে জুয়েল (২৪)। হাফিজ প্রায়ই আমেনাকে উক্ত্যক্ত করতেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আমেনার বিয়ের ২১ দিন পর ১২ সেপ্টেম্বর রাতে তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে ঘরে ঢুকে আসামিরা অ্যাসিড ছোড়ে। এতে আমেনা ও তাঁর স্বামী পাঞ্জু শেখ আহত হন। তাঁরা ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।
খোকসা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আলী আকবর জানান, গতকাল দুপুরে তাঁদের কুষ্টিয়া মুখ্য বিচারিক হাকিমের আদালতে নেওয়া হয়। সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।