কুষ্টিয়ায় ইভ টিজিংয়ের শিকার হচ্ছে ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা আসা-যাওয়ার পথে ইভ টিজিংয়ের শিকার হচ্ছে। এ ব্যাপারে অভিভাবকেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন।
কয়েকজন অভিভাবক প্রথম আলোকে জানান, মিরপুর উপজেলার কেষ্টপুর গ্রাম থেকে ৫০-৬০ জন ছাত্রী হেঁটে আমকাঁঠালিয়া গ্রাম পার হয়ে মশানগ্রামে বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যায়। কয়েক মাস ধরে আমকাঁঠালিয়া গ্রামের মাঝখানে দুটি চায়ের দোকানের সামনে পথের ওপর কয়েকজন বখাটে উক্ত্যক্ত করে যাচ্ছে ছাত্রীদের। এ বিষয়ে গত শনি ও রোববার কথা বলতে গেলে বখাটেরা উত্তেজিত হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে বিষয়টি লিখিতভাবে মিরপুর থানায় অবহিত করা হয়েছে বলে জানান অভিভাবকেরা। গতকাল সোমবার সকালে বেশ কয়েকজন অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছেও লিখিতভাবে অভিযোগ দেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক জানান, প্রথম দিকে কয়েকজন শিক্ষক অভিযোগ গ্রহণ করতে রাজি হননি। তাঁরা বিষয়টি মীমাংসা করে নিতে পরামর্শ দিয়েছিলেন। আরেকজন অভিভাবক জানান, রাতের বেলায় তাঁর মুঠোফোনে অনবরত মিসড কল দেওয়া হয়। ফোন ধরলে গালিগালাজ শুনতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলম প্রথম আলোকে বলেন, ‘এর আগেও কয়েকজন বখাটে যুবক ছাত্রীদের উক্ত্যক্ত করত। সেগুলো মিটিয়ে দেওয়া হয়েছে। কয়েকজন আবারও মেয়েদের উক্ত্যক্ত করছে বলে জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। সাদাপোশাকে পুলিশ কাজ করছে। আশা করছি, ভালো ফল পাওয়া যাবে।’