কুষ্টিয়ায় উদ্ধার হওয়া সেই নবজাতকের মৃত্যু
জন্মের পর থেকে মায়ের কোলে নয়, তাকে দফায় দফায় থাকতে হয়েছে বিভিন্ন হাসপাতালে। তিন দিন পর মারা গেল কুষ্টিয়ায় উদ্ধার হওয়া সেই নবজাতক। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। একই দিন ওই শিশু তার বাবা–মায়ের দেখা পেল না। জন্মের পর তাকে ফেলা রাখা হয়েছিল। পরে এক ব্যক্তি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিসিক শিল্পনগর এলাকায় স ম লাভলু তাঁর দোকানের পেছনে গত রোববার সকালে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় নবজাতকটির ওজন কম ছিল ও ঠান্ডায় ভুগছিল।
উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে গত রোববার সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত আটটার দিকে শিশুটির অবস্থার অবনতি হলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বেলা তিনটার দিকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে সে মারা যায়।