কুষ্টিয়ায় কাজ না করেই টিআরের চাল আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার দক্ষিণপাড়া ঈদগাহ ময়দান উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া টিআরের দুই টন চাল কাজ না করেই আত্মসাৎ করা হয়েছে। বটতৈল ইউনিয়ন পরিষদের এক সদস্য ভুয়া কমিটি জমা দিয়ে গত মার্চে চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, টিআরের আওতায় গত অর্থবছরে সদর উপজেলার দক্ষিণপাড়া ঈদগাহ ময়দান উন্নয়ন প্রকল্পের জন্য দুই টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন ঈদগাহ কমিটির কাউকে না জানিয়ে একটি ভুয়া কমিটি পিআইও কার্যালয়ে জমা দেন। ঈদগাহ কমিটির সদস্যরা ওই প্রকল্প সম্পর্কে কিছু জানেন না।
ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। চাল বিক্রির টাকা আমার কাছে আছে। কাজ করে দেব।’