কুষ্টিয়ায় কালবৈশাখী, দুই নারীর মৃত্যু
কুষ্টিয়ার কয়েকটি উপজেলায় গতকাল রোববার রাত তিনটার দিকে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে দুই নারী মারা গেছেন। আহত হয়েছেন একজন।
নিহত দুই নারী হলেন কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাঘডাঙ্গা গ্রামের নেহারুন নেছা (৫০) ও আবদালপুর ইউনিয়নের আবদালপুর গ্রামের রাহেলা আক্তার (৭০)। আহত ব্যক্তি কর্দবাখইল গ্রামের শহর আলী (৫০)।
কুষ্টিয়া সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার রায় প্রথম আলোকে দুজন নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বলেন, নেহারুন নেছা দেয়াল চাপা পড়ে মারা গেছেন। প্রচণ্ড ঝড়ের সময় রাহেলা আক্তার আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি মারা যান। স্বজনদের ভাষ্য অনুযায়ী তিনি হৃদরোগ বা স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খানের ভাষ্যমতে, শহর আলী রাতে ঝড়ের মধ্যে হারিয়ে যান। পরে স্থানীয় লোকজন আজ সকাল ১০টার দিকে বাড়ির পাশে মাঠ থেকে তাঁকে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে শিলের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে কুষ্টিয়া সদর, মিরপুর, দৌলতপুর, কুমারখালি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের সহস্রাধিক বাড়িঘরের টিনের চাল দুমড়ে-মুচড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার উজানগ্রাম, আইলচারা, ঝাউদিয়া, আলামপুর, পাটিকাবাড়ি ইউনিয়ন। সদর উপজেলার বোরো ধানসহ সহস্রাধিক হেক্টর জমির শতভাগ ফসল নষ্ট হয়ে গেছে।
জেলা প্রশাসক জানান, নিহত ব্যক্তিদের পরিবারকে লাশ দাফনের জন্য প্রাথমিকভাবে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করতে ইতিমধ্যে সব এলাকায় সরকারি কর্মকর্তা সরেজমিনে কাজ করছেন।