কুষ্টিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামে গত বৃহস্পতিবার সকালে আজিরুদ্দিন সর্দার (৭০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন নিজ বাড়িতে ঘুমের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কাঞ্চনপুর গ্রামের পাশে কালীনদী থেকে গতকাল বৃহস্পতিবার সকালে নূরুল ইসলাম (৩২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টার দিকে নিজ বাড়ি থেকে কৃষক আজিরুদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। আজিরুদ্দিনের সঙ্গে স্থানীয় নবীর উদ্দীনের পক্ষের লোকজনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার সন্ধ্যার দিকে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।
দৌলতপুর থানার ওসি আবদুল খালেক বলেন, আজিরুদ্দিনকে ঘুমন্ত অবস্থায় কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।