কুষ্টিয়ায় খুন হওয়া লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেল জংশন এলাকায় রেললাইনের পাশ থেকে আজ সোমবার অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
সকাল সাড়ে আটটার দিকে জিআরপি থানার পুলিশ লাশটি থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স ৪৬ বছর।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে জানান, পোড়াদহ জংশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে পোড়াদহ এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর গায়ে সাদা শার্ট ও পরনে কালো প্যান্ট। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় হত্যার পর লাশ রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।