কুষ্টিয়ায় গণরোষে পড়ার আশঙ্কা ক্ষমতাসীনদের!
কুষ্টিয়ায় সাংসদদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আগামী নির্বাচনে ভোট চাইতে গেলে গণরোষের শিকার হতে পারেন বলে ক্ষমতাসীন দলের নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন।
গতকাল রোববার কুষ্টিয়া জেলা প্রশাসকের সমেঞ্চলন কক্ষে জেলা উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা এ আশঙ্কার কথা জানান।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে এই সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি ছিলেন।
জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘নির্বাচনের আগে হরিপুর সেতু ও বাইপাস সড়কের উল্লেখযোগ্য কোনো সমাধান হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। তবে সেই ব্যর্থতা নিয়েই জনগণের কাছে ভোট চাইতে হবে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে বাইপাস সড়ক ও হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতু নির্মাণ হয়নি। জনগণের কাছে ভোট চাইতে গেলে রোষের শিকার হতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কুষ্টিয়ার কোনো সাংসদই (সরকারদলীয় চার সাংসদ) সভায় আসেন না। মনে হয়, তাঁরা সাংসদ হওয়ায় যেন সবকিছুই পূরণ হয়ে গেছে।’
কয়েক কোটি টাকা ব্যয়ে গড়াই নদ খননের বিষয়ে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দীন আহমেঞ্চদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও কুমারখালী উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা খননকাজের মান নিয়ে প্রশ্ন তোলেন।
এ সময় নদ থেকে উত্তোলন করা বালু আবার কীভাবে নদীগর্ভে চলে যাচ্ছে, তার ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়।