কুষ্টিয়ায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সী রশিদুর রহমান
মুন্সী রশিদুর রহমান

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী রশিদুর রহমানকে (৪৮) গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মহেন্দ্রপুর বাজারে এক সন্ত্রাসী তাঁকে গুলি করে পালিয়ে যায়।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রশিদুর বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে বাজারে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। ছয়টার দিকে ওই চায়ের দোকানের ৫০ গজ দূরে একটি ওষুধের দোকানের ভেতরে যান। সেখানে আরও ছয়জন বসে ছিলেন। এ সময় এক লোক তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় রশিদুরকে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। সোয়া আটটার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক বলেন, চেয়ারম্যানের বাঁ কানের নিচে ও বুকের বাঁ পাশে হূদ্যন্ত্র বরাবর দুটি গুলির চিহ্ন দেখা গেছে। মনে হচ্ছে, কোনো পেশাদার হত্যাকারী কাছ থেকে গুলি করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওষুধের দোকানে বসার কয়েক মিনিটের মধ্যে মাথায় ক্যাপ পরা একজন অপরিচিত লোক পিস্তল বের করে খুব কাছ থেকে চেয়ারম্যান রশিদুরকে লক্ষ্য করে পর পর দুটি গুলি করে। এ সময় তিনি চেয়ার থেকে মেঝেতে পড়ে যান। তিন সেকেন্ডের মধ্যে লোকটি বেরিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।’
রশিদুর রহমানের মামাতো ভাই ফারুক আহমেদ বলেন, ঘটনার ২০ মিনিট আগে তিনি বাজারে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
এদিকে খবর পেয়ে হাসপাতালে জেলা ও উপজেলা বিএনপির কয়েক শ নেতা-কর্মী জড়ো হন। এ সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ বলেন, ‘মনে হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর তীব্র নিন্দা জানাই। হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার (আজ) পুরো জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।’
জগন্নাথপুরের কয়েকজন বাসিন্দা জানান, গত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মুন্সী রশিদুর রহমানের বিরুদ্ধে চরমপন্থী সংগঠনে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। পূর্ববিরোধের জের ধরে চরমপন্থীরা তাঁকে হত্যা করতে পারে।
পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ বলেন, ঘটনার পর পর পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য ওষুধের দোকানিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। শিগগিরই ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে।