কুষ্টিয়ায় গুলিবিদ্ধ যুবলীগ নেতা ঢাকা মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গুলিবিদ্ধ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানকে গত সোমবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে একই ঘটনায় এক নৈশপ্রহরী গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে গতকাল সকালে জেলা যুবলীগ শহরে বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
গত সোমবার রাত সোয়া ১০টার দিকে কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে হাবিবুর রহমান গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিদের ধাওয়ায় পালানোর সময় সন্ত্রাসীরা আসাদুল ইসলাম নামে এক নৈশপ্রহরীকে গুলি করে। লোকজনের ধাওয়ায় তুহিন নামে এক সন্ত্রাসী নালায় পড়ে গেলে তাঁকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার মোটিভ জানতে আরও দুই-তিন দিন সময় লাগবে।’
পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, আটক তুহিনের পুরো নাম শফিক রহমান। তিনি শহরের নারকেলতলা এলাকার বাসিন্দা। রতন নামে এক যুবকের সঙ্গে তিনি ওই ঘটনায় অংশ নেন।
আসাদুল ইসলামের ভাষ্যমতে, হইচই শুনে তিনি বাড়ির বাইরে বের হন। এ সময় জিনস ও চেক শার্ট পরা একজনকে দেখে চিৎকার দেন। তাঁর চিৎকারে ওই যুবক তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। এতে তাঁর ডান হাত ও পাঁজরে গুলি লাগে। আসাদুলের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাবুপাড়ায়।
ঘটনার প্রতিবাদে গতকাল বেলা ১১টায় জেলা যুবলীগ শহরের শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। মিছিলটি শহরের বঙ্গবন্ধু মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্ত্তজা খসরু প্রমুখ বক্তব্য দেন।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে হাবিবুর রহমানের ছোট ভাই কামরুজ্জামান মুঠোফোনে জানান, হাবিবুর রহমানকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পেটের ভেতর গুলি আছে। সেটা চিকিৎসকেরা পর্যবেক্ষণ করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে গডফাদাররা আছে, তাদের ইঙ্গিত ছাড়া এ ধরনের কাজ হয় না। এক আসামি ধরা পড়েছে তাঁর কাছ থেকে কিছুটা পুলিশ জেনেছে। যে ধরা পড়েছেন তাঁর সঙ্গে নারকেলতলার এক আওয়ামী লীগ নেতার সিন্ডিকেট আছে। এর পেছনে আরও কিছুসংখ্যক লোক আছেন, যাঁরা প্রকাশ্যে আসছেন না। তাঁদের ইন্ধনে এবং মদদে এ ধরনের কাজ হয়েছে। কুষ্টিয়ায় আরও ভাই আছেন, তাঁরা মামলার বিষয়টি দেখছেন।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, নম্বরবিহীন একটা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। থানায় এখনো মামলা হয়নি।