কুষ্টিয়ায় গুলিবিদ্ধ সেই ছাত্রলীগ কর্মী মারা গেছেন
কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ছাত্রলীগের কর্মী শাহরুখ খান ওরফে পিয়াস (২১) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পিয়াসের চাচা শামসুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানান, সন্ধ্যায় তাঁর লাশ শহরের বাড়িতে নেওয়া হবে। বাদ এশা লাশ দাফন করা হবে।
১০ জুলাই শুক্রবার বিকেল পাঁচটার দিকে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে আহত হলে পিয়াসকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে দুটি গুলি লেগেছিল। পিয়াস হরিশংকরপুর এলাকার আবুল কালাম আজাদ খানের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পিয়াসের বাবা আবুল কালাম আজাদ খানের অভিযোগ, শহরের মোল্লা তেঘরিয়া এলাকার টুটুলসহ আরও কয়েকজন পিয়াসের শত্রু ছিল। টুটুল প্রতিশোধ নিতেই গুলি করে তাঁর ছেলেকে হত্যা করেছে। দায়ের করা মামলায় তাদের নাম উল্লেখ করা হয়েছে।