কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার রানাখড়িয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মন্টু (৪০) ও যাত্রী সজীব (২২)। আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, অটোরিকশাটি কুষ্টিয়া থেকে পাবনার ঈশ্বরদী যাচ্ছিল। রানাখড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী সজীব মারা যান। অটোরিকশার চালক মন্টুসহ আহত হন তিনজন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মারা যান মন্টু। আহত বাকি দুজনের অবস্থা আশঙ্কামুক্ত।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন বলেন, নিহত দুজনের লাশ তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।