কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ২

কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিমুলতলা এলাকায় গতকাল সোমবার গভীররাতে ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশ আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করেছে।
নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের খোকন শেখ (৩২) ও কুষ্টিয়া শহরতলির মিলপাড়া এলাকার মাসুদ রানা (২৮)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল দিবাগত রাত তিনটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের শিমুলতলা এলাকায় বিআরবি কেবলসের গ্যাসের সিলিন্ডারবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। ট্রাকচালক খোকন শেখ ও অপারেটর মাসুদ রানা নেমে সড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে খোকন ও মাসুদের মৃত্যু হয়। ট্রাকের ধাক্কায় চালকের সহকারী সান্টু রহমান (১৯) গুরুতর আহত হন। তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরির্দক (এসআই) মজিবর রহমান বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে।