কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ঝাউদিয়া গ্রামের বাজারে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে মাতব্বর জহুরুল ইসলামের সঙ্গে ও আলম হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার জহুরুল ইসলামের লোকজন আলম হোসেনের দুই সমর্থককে মারধর করে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গতকাল বেলা দুইটার দিকে ঝাউদিয়া বাজারে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বেলা তিনটার দিকে উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র, ঢাল-সড়কি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আলম হোসেনের পক্ষের আবদুল হালিম (৩২) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় উভয় পক্ষের আরও ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে মোকাম আলী, কাশেম মান্দারসহ চারজনের অবস্থা গুরুতর। স্থানীয় ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম বলেন, আবদুল হালিম ঝাউদিয়া গ্রামের আক্কেস আলীর ছেলে।