কুষ্টিয়ায় দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি দুই নাগরিককে আটক করেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের আটক করেন। আটক দুজন হলেন উপজেলার ভাগজোত এলাকার আফতাব মণ্ডলের ছেলে হীরা (৩২) ও মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার মৃত খোদাবক্সের ছেলে আল্টু (৪২)।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতজন বাংলাদেশি ভারতের কেরালা রাজ্য থেকে দৌলতপুরের চল্লিশপাড়া সীমান্তের ১৫৭-১(এস) সীমান্ত পিলারের কাছ দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। এ সময় সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে পাঁচ বাংলাদেশি পালিয়ে আসতে সক্ষম হলেও হীরা ও আল্টু ধরা পড়েন বিএসএফের হাতে।
কুষ্টিয়া সেক্টরের ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় দুজন বাংলাদেশিকে বিএসএফ আটক করেছে। তাঁদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। আগামীকাল শনিবার বিএসএফের কাছে তাঁদের ফেরত চেয়ে চিঠি পাঠানো হবে।