কুষ্টিয়ায় দুটি আশ্রয়ণ প্রকল্পের টাকা ফেরত দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় দুটি আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাটের কাজে অনিয়মের অভিযোগ পাওয়ার পর বরাদ্দ করা খাদ্যশস্যের টাকা ফেরত দেওয়ার জন্য প্রকল্পের সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৩০ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুন রাজীব এ নির্দেশ দেন। ৪৫ দিনের মধ্যে ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে শহরতলির জুগিয়া এলাকায় গড়াই নদের তীরে ড. ওয়াজেদ আলী মিয়া আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাটের জন্য ৭৫ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। ২০১২-১৩ অর্থবছরে দেওয়া হয় ২০০ টন। এই প্রকল্পের সভাপতি ছিলেন স্থানীয় বাসিন্দা এস এম বিদ্যুৎ।
অপর দিকে ২০১১-১২ অর্থবছরে শহরের মিলপাড়ায় গড়াই নদের তীরে গড়াই আবাসন প্রকল্পে মাটি ভরাটের জন্য ৭৫ টন ও ২০১২-১৩ অর্থবছরে ১৭৫ টন খাদ্যশস্য ছাড় করা হয়। এ প্রকল্পের সভাপতি ছিলেন স্থানীয় বাসিন্দা আজমল উদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব বরাদ্দ দেওয়া হয়। গত ২৬ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প শাখার (ফেস-২) তৎকালীন সহকারী প্রকৌশলী মো. মাহমুদ আলম ও উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল তানিম দুটি প্রকল্প পরিদর্শন করেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তাঁরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে মাটি ভরাটে অনিয়ম করে খাদ্যশস্য আত্মসাৎ করার কথা উল্লেখ করা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এরপর কাজের অগ্রগতি জানতে জুন মাসের শুরুতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের কাছে চিঠি পাঠানো হয়। জেলা প্রশাসক প্রকল্প এলাকা ঘুরে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি পাঠান। এরপর ১৭ জুন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জেলা প্রশাসককে চিঠি দিয়ে প্রকল্পের জন্য বরাদ্দ করা খাদ্যশস্যের টাকা ফেরত চাওয়া হয়। ১৯ জুন জেলা প্রশাসক সদরের ইউএনওকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ইউএনও আলীমুন রাজীব বলেন, ৪৫ দিনের মধ্যে সরকারি কোষাগারে টাকা জমা না দিলে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সদর উপজেলার পিআইও তপন কুমার ঘোষ বলেন, দুটি আশ্রয়ণ প্রকল্পে নিয়ম মেনে কাজ করা হয়েছে। ড. ওয়াজেদ আলী মিয়া আশ্রয়ণ প্রকল্পের সভাপতি এস এম বিদ্যুৎ বলেন, ‘ভালো কাজের পরও টাকা ফেরত চাওয়া হচ্ছে, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একটি মহল আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে।’