কুষ্টিয়ায় নকল সামগ্রী তৈরির কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের বড়বাজার বারোয়ারিতলা এলাকায় নকল মেলামাইন তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের বড় বাজার বারোয়ারিতলায় আবদুল হামিদ নামের এক ব্যক্তি কয়েক মাস ধরে শরীফ মেলামাইন, চায়না মেলামাইনসহ বিভিন্ন খ্যাতনামা কোম্পানির মেলামাইনসামগ্রীর নকশার আদলে নকল মেলামাইনসামগ্রী তৈরি করে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল উদ্দিনের নেতৃত্বে আদালত গতকাল দুপুরে ওই কারখানায় অভিযান চালান। সেখান থেকে মেলামাইনসামগ্রী তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। আদালত কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। তবে অভিযানের টের পেয়ে মালিকসহ কর্মচারীরা আগেই পালিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল উদ্দিন বলেন, স্বাধীন নামের ওই কারখানার মেলামাইনসামগ্রী তৈরির বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। বিভিন্ন কোম্পানির নকশা নকল করে মেলামাইনসামগ্রী তৈরি করে আসছিল বলে প্রশাসনের কাছে তথ্য রয়েছে।