কুষ্টিয়ায় নাশকতা ঠেকাতে লাঠি হাতে ৩৪৮ আনসার
যাত্রীনিরাপত্তা ও পণ্য পরিবহনে নাশকতা ঠেকাতে কুষ্টিয়ায় রেল ও সড়কপথে ৩৪৮ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা তিন পালায় ২৪ ঘণ্টা কাজ করছেন। জেলা প্রশাসন তাঁদের সার্বিক তদারকি করছে।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর (ভিডিপি) কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার আওতাধীন রেলপথের ৩০টি স্থানের নিরাপত্তায় ২৪০ জন আনসার সদস্য গত ১২ জানুয়ারি থেকে কাজ করে যাচ্ছেন। প্রতিটি জায়গায় আটজন সদস্য তিন পালায় দায়িত্ব পালন করছেন। দুই কিলোমিটার পরপর একজন দায়িত্ব পালন করছেন। ১ ফেব্রুয়ারি থেকে সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ নয়টি স্থানে ১০৮ জন আনসার সদস্য নিরাপত্তা দিচ্ছেন। প্রতি স্থানে ১২ জন করে সদস্য তিন পালায় কাজ করছেন।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট ফেরদৌস আহাম্মদ প্রথম আলোকে বলেন, ক্লান্তি এড়াতে তিন পালায় আনসার সদস্যরা কাজ করছেন। তাঁদের কাছে লাঠি ছাড়া অন্য কোনো অস্ত্র নেই।
আনসার সদস্যরা জানান, রেলপথে নিয়মিত টহল দেওয়া হয়। রেলপথ কোথাও কাটা আছে কিনা সেটাও দেখা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) প্রতিদিন তাঁদের এলাকার রেলপথ ও সড়কগুলোতে সরাসরি গিয়ে খোঁজখবর রাখছেন। গত এক মাসে জেলার রেলপথের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সড়কপথে একটি ট্রাক ও প্রাইভেটকার পোড়ানো হয়েছিল। তাতে কেউ হতাহত হয়নি।