কুষ্টিয়ায় পদ্মায় ডুবে নানি-নাতনির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মার পানিতে ডুবে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতে গিয়ে গত শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রোকেয়া খাতুন (৫৫) ও তাঁর নাতনি মিতু খাতুন (৯)।

নিহত ব্যক্তিদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে নানি রোকেয়া খাতুন নাতনি মিতুকে সঙ্গে নিয়ে ছাগলের জন্য ঘাস সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পদ্মা নদীর তীর ঘেঁষে চরে যাচ্ছিলেন তাঁরা। এ সময় মিতু বেশি পানির দিকে চলে যায়। তাকে বাঁচাতে রোকেয়া এগিয়ে গেলে একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যান। এ দৃশ্য আরেক শিশু তাদের বাড়িতে খবর দেয়। পরে বাড়ির লোকজন দ্রুত ওই জায়গায় গিয়ে আধা ঘণ্টা পর অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করেন। এরপর দ্রুত তাঁদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আকুল উদ্দিন বলেন, হাসপাতালে আসার আগেই ওই দুজনের মৃত্যু হয়।

রোকেয়া খাতুন কল্যাণপুর গ্রামের সদর উদ্দিনের স্ত্রী ও মিতু একই গ্রামের ভ্যানচালক মিরাজ উদ্দিনের মেয়ে। মিতু কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।