কুষ্টিয়ায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৩০
কুষ্টিয়ায় বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে পলাতকসহ বিভিন্ন মামলার ৩০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে নেওয়া হতে পারে বলে জানা গেছে।
পুলিশ সুপারের নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করা হলে জানানো হয়, গতকাল রাতে জেলার ছয় উপজেলার থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা একযোগে এ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে ২১ জনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা আছে। বাকি নয়জনের বিরুদ্ধে বিভিন্ন নিয়মিত মামলা রয়েছে। অভিযানের সময় কুষ্টিয়া মডেল থানায় ১১ জন, কুমারখালীতে দুজন, খোকসায় চারজন, মিরপুরে চারজন, ভেড়ামারায় একজন ও দৌলতপুরে আটজনকে গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে জানান, কুষ্টিয়া জেলায় একযোগে এ অভিযান চালানো হয়েছে। এটা প্রায়ই হয়ে থাকে। অভিযান এখনো চলছে।