কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার উথুলিয়া সেতুর কাছে গতকাল রোববার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম ফজলুর রহমান ওরফে ফজু (৩৫)। তিনি চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা বলে পুলিশ দাবি করেছে।
জানা গেছে, উথুলিয়া সেতুর কাছে কয়েকজন চরমপন্থী নাশকতা সৃষ্টির উদ্দেশে গোপন বৈঠক করছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাত তিনটার দিকে পুলিশের ডিবি সদস্যরা সেখানে অভিযান চালান। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে দুই পক্ষে ‘বন্দুকযুদ্ধ’ বেধে যায়। প্রায় আধা ঘণ্টা দুই পক্ষে ‘বন্দুকযুদ্ধ’ চলে। সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবারসহ কয়েকটি গুলি উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, ফজু উপজেলার যদুবয়রা গ্রামের ফয়জুদ্দিনের ছেলে। তিনি চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।