কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে সদর উপজেলার হরিনারায়ণপুর ও জুগিয়া মাদারশাহ পুকুরের সামনে এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার হরিনারায়ণপুর পালপাড়া এলাকার ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবদুল্লাহ (১১) ও হরিপুর গ্রামের বকুল হোসেন (৩৫)।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল ইসলাম জানান, বিকেল চারটার দিকে আবদুল্লাহ বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যাচ্ছিল। এ সময় দ্রুতগামী বালিবোঝাই একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয় লোকজন ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যান।
অন্যদিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের জুগিয়া মাদারশাহ পুকুরের কাছে লিচুবোঝাই ট্রলি থেকে পড়ে বকুল হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, লিচু ব্যবসায়ী বকুল রাজশাহী থেকে লিচু কিনে করিমনে করে কুষ্টিয়ায় ফিরছিলেন। এ সময় জুগিয়া মাদারশাহ পুকুরের সামনে পৌঁছালে করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসকে ধাক্কা মারে। এ সময় করিমন থেকে ছিটকে পড়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে বকুল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।