কুষ্টিয়ায় প্রভাবশালীদের দখলে ২১টি বালুমহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর ২১টি বালুমহাল পাঁচ বছর ধরে সরকার ইজারা দিতে পারছে না। উচ্চ আদালতে রিট করে কয়েকজন প্রভাবশালী এগুলো দখলে রেখেছেন। এতে পাঁচ বছরে সরকার অন্তত ১০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, এগুলো উদ্ধারের জন্য আইন ও বিচার বিভাগ এবং ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে একাধিক চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ২০০৮ সাল পর্যন্ত ২১টি বালুমহাল ইজারা দিয়ে প্রতিবছর দুই কোটি টাকার রাজস্ব আয় হতো। সে হিসাবে পাঁচ বছরে সরকার ১০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বালুমহালগুলো সদর উপজেলার বাহাদুরখালী, মহানগর, চকুয়াদাম, শুকদেবপুর, জুগিয়া; ভেড়ামারার পশ্চিম চরদাদাপুর, চরগোলাগনগর-আরাজীসাড়া ও রূপপুর; মিরপুরের ঘোড়ামারা-রানাখড়িয়া, চরমাদিয়া, পশ্চিম দাদাপুর, মিনাপাড়া, চরতালিবাড়িয়া; কুমারখালীর লাহিনীপাড়া, জয়নাবাদ-ছেঁউড়িয়া, সেরকান্দি-আগ্রাকুণ্ডা-তেবাড়ীয়া-বরুরিয়া, পাথরবাড়ীয়া-উত্তর হিজলাকর-এনায়েতপুর, গোবিন্দপুর, ভাড়রা-এলঙ্গী এবং খোকসা উপজেলার চাঁদট-ভবানীপুর-গণেশপুর-কোমরভোগ ও ওসমানপুরে। সর্বশেষ ২০০৮ সালে জেলা প্রশাসন এগুলো ইজারা দেয়।
ভেড়ামারা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকার কয়েকজন প্রভাবশালী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমতি নিয়ে বালুমহালগুলো থেকে বালু তোলা শুরু করে। ২০০৯ সালে দরপত্র আহ্বান করতে গেলে ওই প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ভেড়ামারা উপজেলার মুক্তার হোসেন ওরফে মুক্তি ও কুষ্টিয়া পৌর এলাকার আনোয়ারুল হক ওরফে মাসুম উচ্চ আদালতে রিট করেন। আদালত বালু তোলার জন্য তাঁদের আরও সময় দেওয়া প্রয়োজন বলে আদেশ দেন। তবে ওই সময় বালু তোলার জন্য আদালত কয়েকটি শর্ত দিয়েছিলেন। এর অন্যতম শর্ত ছিল সেতুর পাশ থেকে বালু তোলা যাবে না। তবে এসব শর্ত না মেনেই বালু তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বালুমহালগুলো উদ্ধারের জন্য জেলা প্রশাসক গত ১৩ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান। কয়েক সপ্তাহ আগে উচ্চ আদালত ওই দুই ব্যক্তির রিট খারিজ করে দিয়ে উপজেলা প্রশাসনকে বালুমহালগুলো বুঝে নেওয়ার আদেশ দেন। কিন্তু এর কয়েক দিন পর তাঁরা আদেশের বিরুদ্ধে আপিল করেন। এ কারণে জেলা প্রশাসন আর এগুলো ইজারা দিতে পারেনি।
আনোয়ারুল হক দাবি করেন, বিআইডব্লিউটিএ থেকে তাঁরা বালুমহালগুলো থেকে ৩০ লাখ ঘনফুট বালু তোলার অনুমতি নিয়েছেন। ওই পরিমাণ বালু তুলতে কত বছর লাগতে পারে, তা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আনোয়ারুল অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসী ও প্রভাবশালীরা বালুমহালগুলো দখল করে নিয়েছে।