কুষ্টিয়ায় বাসের ধাক্কায় দুজন নিহত, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কুষ্টিয়া-প্রাগপুর আঞ্চলিক সড়কে যাত্রী ছাউনির কাছে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলার কচুয়ামোড়া গ্রামের ভ্যানচালক রাকিবুল ইসলাম (৪৫) ও দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের নসিমনচালক গাজীউর রহমান (৪০)। পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া থেকে প্রাগপুরগামী যাত্রীবাহী বাস ‘অনামিকা’ মথুরাপুর শেখপাড়া যাত্রী ছাউনির কাছে পৌঁছায়। এ সময় একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় এটি। একই সময়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী নসিমনকেও ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রাকিবুল ও নসিমনচালক গাজীউর মারা যান।
দুর্ঘটনায় আহত লোকজনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফরিদুল ইসলাম নামে একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশগুলো উদ্ধার করেছে। বাসটি আটক করে থানায় আনা হয়েছে।