কুষ্টিয়ায় বিজিবি ও চোরাকারবারিদের সংঘর্ষ, লাশ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামে গত শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ছামিরুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
ছামিরুল উপজেলার জামালপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে ফেনসিডিল নিয়ে ময়রামপুর-গোড়ারপাড়া মাঠ দিয়ে যাচ্ছিল। এ সময় ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধীন মহিষকুণ্ডী ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। এ সময় বিজিবির সদস্যরা গুলি ছোড়েন।
বিজিবির ৩২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আরমান হোসেন প্রথম আলোকে বলেন, চোরাকারবারিরা ককটেল ছুড়ে মারলে বিজিবির সদস্যরা আত্মরক্ষায় তিনটি ফাঁকা গুলি ছোড়েন। এরপর ঘটনাস্থল থেকে ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল রোববার ভোরে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তিনি গুলিতে, না স্প্লিন্টারের আঘাতে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
দৌলতপুর থানার ওসি আবদুল খালেক জানান, ভোর সাড়ে ছয়টার দিকে এলাকাবাসীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।