কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশ মাইল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মিরপুর উপজেলার বহলবাড়িয়া গ্রামের আকাশ আলী (২৩) ও সদর উপজেলার কবুরহাট এলাকার শাওন আলী (২০)। আহত জুয়েল আহমেদকে (১২) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া নওদাপাড়া থেকে আকাশ, শাওন ও জুয়েল মোটরসাইকেলে করে ভেড়ামারার বারো মাইলে যাচ্ছিল। দশ মাইল এলাকায় একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর দেড়টার দিকে আকাশ ও শাওনের মৃত্যু হয়। লাশ দুটি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসাইন দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।