কুষ্টিয়ায় সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ সীমান্ত থেকে দীপু (৩২) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শুক্রবার উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় বিজিবি সূত্র জানায়, মুন্সিগঞ্জ গ্রামের নজু মণ্ডলের ছেলে দীপু গতকাল বেলা একটার দিকে ১৫৩-১(এস) সীমান্ত পিলারসংলগ্ন তাদের আবাদি জমিতে ঘাস কাটছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গিয়ে ক্যাম্পে আটকে রাখেন। খবর পেয়ে দীপুর পরিবারের সদস্যরা ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধীন স্থানীয় মুন্সিগঞ্জ আশ্রয়ণ বিজিবি ক্যাম্পকে এ ঘটনা জানায়। ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আবদুল মালেক এ ঘটনার প্রতিবাদ জানান এবং দীপুকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠান। ৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল কাজী আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাজী আরমান প্রথম আলোকে বলেন, দীপু আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছিলেন। তাঁকে ফেরত চেয়ে অনুরোধ করা হয়েছে। পতাকা বৈঠক চলছে। আশা করা হচ্ছে, শিগগির ফেরত পাওয়া যাবে।