কুষ্টিয়ায় সেমাই কারখানা সিলগালা, জরিমানা
কুষ্টিয়ায় একটি কারখানায় অভিযান চালিয়ে খাবার অনুপযোগী সেমাই জব্দ করেছেন র্যাব সদস্যরা। গতকাল বুধবার র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা শহরের মঙ্গলবাড়িয়া বাজারে ওই অভিযান চালান।
এ ঘটনায় ইউনিক এগ্রো প্রডাক্টস নামের ওই কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে মঙ্গলবাড়িয়া এলাকার একটি কারখানায় বিএসটিআই অনুমোদনবিহীন লাচ্ছা সেমাই উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। অভিযানের সময় কারখানার মালিক শহরের আড়ুয়াপাড়ার ইউসুফ গাফফারকে (৩৬) আটক করা হয়। আর কারখানার ভেতরে খাবার অনুপযোগী, ক্ষতিকর ও নোংরা পরিবেশে তৈরি ২৫০ কেজি লাচ্ছা সেমাই জব্দ করেন তাঁরা।
পরে ইউসুফ গাফফারকে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এস এম জামাল আহমেদ বলেন, ইউনিক এগ্রো প্রডাক্টসের মালিককে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে জব্দ করা সেমাই গড়াই নদে ফেলে দেওয়া হয়। কারখানাটিও সিলগালা করে দেওয়া হয়েছে।