কুষ্টিয়ায় ৫ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
নছিমন, করিমনসহ বিভিন্ন অবৈধ যান বন্ধের দাবিতে ৫ সেপ্টেম্বর থেকে কুষ্টিয়ার সব অভ্যন্তরীণ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সমেঞ্চলনে সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি ও বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক শিহাব উদ্দীন। তিনি বলেন, সড়কগুলো অবৈধ যানবাহনের দখলে। এ কারণে বাসমালিকদের ব্যবসা প্রায় বন্ধের পথে। অনেক দিন ধরে তেল খরচের টাকাও উঠছে না। এ অবস্থায় যানবাহন ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।
৪ সেপ্টেম্বরের মধ্যে কুষ্টিয়া জেলার সড়ক ও মহাসড়কগুলোতে নছিমন, করিমন, ভটভটি ও মহেন্দ্র বন্ধ না হলে ৫ সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। এ সময় সেখানে বাস মিনিবাস মালিক গ্রুপের কার্যকরী সভাপতি আতাহার আলী, সহসভাপতি কাজী রফিকুর রহমান, বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন, কার্যকরী কমিটির সভাপতি মকবুল হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।