কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নিহত
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফজলুর রহমান ওরফে ফজু (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা ছিলেন। আজ রোববার ভোররাত পৌনে চারটার দিকে উপজেলার উথুলিয়া ব্রিজের কাছে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
ঘটনার ব্যাপারে পুলিশের ভাষ্য, খোকসার উথুলিয়া ব্রিজের কাছে কয়েকজন চরমপন্থী নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত তিনটার দিকে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। পরে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা মৃতদেহটি পার্শ্ববর্তী কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের ফজলুর রহমান ওরফে ফজুর বলে শনাক্ত করে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, একটি পাইপগান, দুটি এলজিসহ বেশ কয়েকটি গুলি উদ্ধার করে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলো ডটকমকে বলেন, ফজলুর রহমান চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। লাশের সুরতহাল করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।