কুষ্টিয়ার এসপির অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলা ও হুমকির প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার সাংবাদিকেরা। তাঁরা ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ সুপার (এসপি) মফিজ উদ্দিনের অপসারণ দাবি করেন ও একই সঙ্গে পুলিশের সব সংবাদ বর্জনের ঘোষণা দেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, কুষ্টিয়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা গত দুই বছরে একাধিকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসব ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো পুলিশ নানাভাবে সাংবাদিকদের হয়রানি করছে।

তাঁরা ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ সুপার মফিজ উদ্দিনের অপসারণ দাবি করেন ও পুলিশের সব সংবাদ বর্জনের ঘোষণা দেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

১৪ জুলাই কুষ্টিয়া শহরে একটি মাদ্রাসায় ছাত্র পেটানোর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় ছয় সাংবাদিক আহত হন। এ ঘটনায় মামলা হলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। হাইকোর্ট থেকে জামিন নিয়ে চিহ্নিত ওই সন্ত্রাসীরা মামলার বাদী ইনডিপেনডেন্ট টেলিভিশন-এর কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহকে নানাভাবে হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে তিনি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।