কুষ্টিয়ার তিন ক্লিনিককে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। গত বৃহস্পতিবার বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলার দৌলতপুর, আল্লারদর্গা ও হোসেনাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠান গড়ে ওঠাসহ সরকারি বিধি না মেনে বিভিন্ন ক্লিনিকে রোগীদের অস্ত্রোপচারসহ চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
অভিযানের শুরুতেই দৌলতপুর বাজারের নিউ সেবা ক্লিনিকের মালিক আবদুস সোবহানকে আটক করা হয়। পরে আল্লারদর্গা বাজারের সিটি ক্লিনিকের মালিক আবদুল মজিদ ও হোসেনাবাদ বাজারের মুক্তি ক্লিনিকের মালিকের বাবা বদর উদ্দিন ওরফে বাদলকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালত নিউ সেবা ও সিটি ক্লিনিকের মালিককে আড়াই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে দুই বছর করে কারাদণ্ড দেন। মুক্তি ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সন্ধ্যায় ক্লিনিকের মালিকেরা দণ্ডের টাকা পরিশোধ করে মুক্তি পান।
এর আগে দৌলতপুর হাসপাতালের সামনে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে কাউকে না পেয়ে এই সেন্টারে তালা ঝুলিয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাহিদা আক্তার বলেন, অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা দেওয়া ও প্রয়োজনীয় সংখ্যক সেবিকা না থাকার দায়ে ক্লিনিকগুলোকে জরিমানা করা হয়েছে।