কুষ্টিয়ার পিআইও সাময়িক বরখাস্ত
কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৭ আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহামঞ্চদ আবদুল ওয়াজেদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বরখাস্তের বিষয়টি কুষ্টিয়া জেলা প্রশাসককে অবহিত করা হয়।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন গত সোমবার দুপুরে চিঠি পেয়ে গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তপন কুমার ঘোষ ২০১২-১৩ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় ২০টি বিশেষ প্রকল্পের ১০০ টন খাদ্যশস্য (চাল) পরিপত্রের শর্ত অনুসরণ না করে আত্মসাৎ করেন। এ ব্যাপারে জেলা প্রশাসক জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বিশ্বনাথ পাল ও জেলার ফ্যাসিলিটেটর আকতার হোসেনকে তদন্তের নির্দেশ দেন। তাঁরা ১৯ থেকে ২১ মে সরেজমিনে তদন্ত করে প্রাথমিকভাবে টাকা আত্মসাতের প্রমাণ পান।
এ ব্যাপারে তপন কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘সাংসদের সুপারিশ অনুযায়ী প্রতিটি প্রকল্পে সঠিকভাবে কাজ করা হয়েছিল। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে জেলা প্রশাসক মনগড়া প্রতিবেদন দাখিল করেছেন। ন্যায়বিচার পেতে প্রয়োজনে আদালতে যাব।’