কুষ্টিয়ার সেই শিক্ষক ও সহযোগীদের শাস্তির দাবি
কুষ্টিয়ায় স্কুলছাত্রীদের প্রতারণার ফাঁদে ফেলে যৌন নির্যাতন ও ভিডিও দৃশ্য ধারণ করে প্রতারণার দায়ে অভিযুক্ত স্কুলশিক্ষক হেলাল উদ্দীনসহ সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে হেলাল উদ্দীন ও তাঁর সহযোগীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করে।
সমাবেশে মহিলা পরিষদের আইনবিষয়ক সম্পাদক নিলুফা বেগম বলেন, ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ছাড়া ভিডিও ক্লিপগুলো উদ্ধারেও কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
পরে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলনে মহিলা পরিষদের কুষ্টিয়া শাখার সভাপতি ফাতেমা বেগম বলেন, ৭ জুলাই মামলা হলেও অজ্ঞাত কারণে পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। ওই শিক্ষকের ল্যাপটপ আজও পুলিশ উদ্ধার করতে পারেনি। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে তিনি জানান। সংবাদ সমেঞ্চলনে মহিলা পরিষদের জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।