কুষ্টিয়ার সেই স্কুল মাঠ ফিরে পাচ্ছে ছাত্রছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে শত বছরের পুরোনো সেই স্কুলমাঠ ফিরে পাচ্ছে ছাত্রছাত্রীরা। আগের মতোই মাঠের পুরো অংশটি খেলার উপযোগী করে দেওয়া হচ্ছে।

গতকাল সোমবার দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শনিবার দিবাগত রাতে আতিয়ার রহমান নামের এক ব্যক্তি তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও এলাকার একমাত্র শত বছরের পুরোনো খেলার মাঠের একাংশে পাওয়ার ট্রিলার দিয়ে চাষ করে দখল করে নেয়। এ নিয়ে গত রোববার প্রথম আলোয় ‘শত বছরের পুরোনো স্কুলমাঠে হালচাষ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাঠ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল সে ব্যাপারে ইউএনও কার্যালয়ে দুপুরে বৈঠক হয়। ওই বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার, বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে আতিয়ার রহমানকে উপস্থিত থাকতে বলা হলেও তিনি উপস্থিত হননি।

ইউএনও শামীমুল হক পাভেল প্রথম আলোকে বলেন, মাঠ নিয়ে যে জটিলতা হয়েছে, তা দ্রুত নিরসন করা হচ্ছে। যত দ্রুত সম্ভব ওই মাঠের বেদখলে যাওয়া অংশ বিদ্যালয়ের নামে আইনগতভাবে বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইউএনও বলেন, ইতিমধ্যে পুরো মাঠটি চষে রুলার দিয়ে সমান করে ছাত্রছাত্রীদের খেলার উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে আতিয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে বিকেলে বিদ্যালয় কর্তৃপক্ষ খেলার মাঠটি মই দিয়ে সমান করে খেলাধুলা করার উপযোগী করেছে।