কুষ্টিয়া, বাঞ্ছারামপুর সাতক্ষীরায় তিন খুন
কুষ্টিয়ার ভেড়ামারায় অটোরিকশার এক চালককে শ্বাসরোধে এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে সাতক্ষীরায় ধর্ষণের পর এক নারীকে হত্যা করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় শহিদুল ইসলাম (৪০) নামের অটোরিকশার এক চালককে শ্বাসরোধে হত্যা করেছে দূর্বৃত্তরা। হত্যার পর তারা অটোরিকশাটি নিয়ে যায়। গতকাল বুধবার সকালে চালকের লাশ উদ্ধার করে পুলিশ। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার হোসেন বলেন, রাতে কোনো ছিনতাইকারী দল শহিদুলকে হত্যা করেছে। তিনি ভেড়ামারার কোদালিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।বাঞ্ছারামপুর: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের দক্ষিণপাড়ার মো. সোহাগ মিয়া (২৫) নামের যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, রূপসদী দক্ষিণ বাজার থেকে রাতে এক যুবক সোহাগকে ডেকে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজি শেষে ফসলি জমি থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সম্ভবত টাকা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।সাতক্ষীরা: সুভদ্রা সরকার (৩৮) নামের স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল সাতক্ষীরার তালা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাবার নাম বাসুদেব সরকার।গ্রামবাসী জানান, স্বামী পরিত্যক্ত সুভদ্রা সরকার সাতক্ষীরা তালা উপজেলার কৃষ্ণনগর গ্রামে তাঁর বাবার বাড়িতে একাই বসবাস করতেন। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাঁর ঘরে ঢুকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে।