কুষ্টিয়া অঞ্চলের ভাষা প্রতিযোগ শুরু

কুষ্টিয়া অঞ্চলের ভাষা প্রতিযোগ শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা স্কুলে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলা রানী দে।
এর আগে সকাল সোয়া ১০টায় ইলা রানী দে জাতীয় পতাকা উত্তোলন করেন। আর ভাষা প্রতিযোগ পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা, এইচএসবিসির কর্মকর্তা আবদুল্লাহ আল জোবায়ের ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক রোজী আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ইলা রানী দে বলেন, এ ধরনের ভাষা প্রতিযোগ আয়োজনের মাধ্যমে মাতৃভাষার প্রতি ছেলেমেয়েরা আরও বেশি উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হবে।
কুষ্টিয়া অঞ্চলের ভাষা প্রতিযোগে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও যশোরের প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৭০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সকাল সাড়ে ১০টায় ভাষা প্রতিযোগ পরীক্ষা শুরু হয়েছে। আধা ঘণ্টা চলবে। পরীক্ষা শেষে কুইজ, প্রশ্নোত্তর পর্ব ও সবশেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।