কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফরম বিতরণ ১৫ অক্টোবর থেকে
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ ১৫ অক্টোবর শুরু হবে। ফরম বিতরণের শেষ সময় ১০ নভেম্বর। শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করবেন ১৬ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে উপাচার্য হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে ভর্তি কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত হয়।
রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর পাঁচটি অনুষদের অধীনে ৩৩টি বিভাগে (নতুন আটটি বিভাগসহ) ২ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এবারই প্রথম নেগেটিভ মার্কিংয়ের নিয়ম চালু হতে যাচ্ছে। এমসিকিউ প্রশ্নপত্রে প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে। এতে করে চারটি উত্তর ভুল হলে এক নম্বর কাটা হবে।
উল্লেখ্য, এ বছর নতুন খোলা আটটি বিভাগ হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, ‘ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে।
এসব বিভাগে এবার আরও অতিরিক্ত ৫৪০ জন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ‘এ’ ইউনিট থেকে ‘এইচ’ ইউনিট পর্যন্ত মোট আটটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষার ফরমের মূল্য ৫০০ টাকা।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য পরবর্তী সময়ে ভর্তি নির্দেশিকার মাধ্যমে জানানো হবে বলেও যাবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।