দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে বিভিন্ন জেলায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার সহিংসতায় প্রায় ২০ জন আহত হয়েছেন। কুষ্টিয়া ও কুমিল্লায় বিএনপির প্রার্থী ও তাঁদের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিটিয়া: খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে ইউনিয়নের মাশিলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলম বলেন, রাত ১২টার দিকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে বাড়ির প্রধান ফটকের সামনে মহড়া দেয়। একপর্যায়ে তারা বাড়ির টিনের বেড়ায় ভাঙচুর করে এবং তাঁকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেয়। বিষয়টি তিনি মৌখিকভাবে নির্বাচন রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন।
কুমিল্লা: বরুড়া উপজেলার ১৩ নম্বর আদ্রা ইউনিয়নে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও পুলিশি হয়রানির অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মুন্সিগঞ্জ: লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে গতকাল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহনেওয়াজ মৃধা ও তাঁর সমর্থকদের ওপর আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন ব্যাপারীর লোকজন হামলা চালালে সাতজন আহত হন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
পৃথক ঘটনায় বেজগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন তালুকদারের সমর্থকেরা দলের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম খানের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে তিনজন আহত হন।