কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত
কুষ্টিয়া সদর ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গত শনিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন কুষ্টিয়া সদরের বটতৈল গ্রামের মিলপাড়ার আলমগীর মণ্ডল (৩০) ও দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামের ফেরদৌস আলী (৪৫)। পুলিশের ভাষ্যমতে, আলমগীর চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজ এবং ফেরদৌস পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য।কুষ্টিয়া পুলিশের ভাষ্যমতে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ জানতে পারে আলমগীর ও তার সঙ্গীরা সদর উপজেলার দরবেশপুর গ্রামের একটি কলাবাগানে বৈঠক করছে। সঙ্গে সঙ্গে সদর থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালায়। চরমপন্থীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধের পর পালিয়ে যায় চরমপন্থীরা। পরে এলাকার লোকজন ও পুলিশ সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। এলাকাবাসী লাশটি আলমগীরের বলে শনাক্ত করে।এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, বন্দুকের পাঁচটি গুলি, চারটি গুলির খোসা, পাঁচটি ককটেল এবং একটি করে রামদা, ছুরি ও চায়নিজ কুড়াল উদ্ধার করে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে বলেন, আলমগীরের হাতে জিম্মি ছিল ঝিনাইদহের শৈলকুপা ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকার মানুষ। চাঁদা না পেলে সে হত্যা করত। আলমগীরের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় চারটি হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে।দামুড়হুদা পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে থানা পুলিশের একটি দল গাড়িতে করে টহলে বের হয়। দলটি উপজেলার কালিয়াবকরী গ্রামে পৌঁছে কয়েকজন ব্যক্তিকে দাঁড়াতে বলে। কিন্তু তারা আদেশ অমান্য করে পুলিশকে লক্ষ্য করে প্রথমে চারটি বোমা, পরে ছয়টি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ১০টি গুলি করে। সন্ত্রাসীদের বোমা ও গুলিতে ছয় পুলিশ এবং পুলিশের গুলিতে চরমপন্থী ফেরদৌস আলী আহত হন। আহত ব্যক্তিদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। পুলিশের ঘটনাস্থল থেকে একটি রিভলবার উদ্ধার করেছে।আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম হোসেন ও নিয়াজ মোর্শেদ এবং কনস্টেবল সুফিয়ান, আল মাসুদ ও শাহাদত হোসেন। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, নিহত ফেরদৌস পুলিশের মোস্ট ওয়ান্টেড চরমপন্থী। তাঁর বিরুদ্ধে দামুড়হুদা থানায় চারটি হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। জনযুদ্ধ নেতা গ্রেপ্তার: এদিকে গতকাল রোববার ভোরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কুঠি পাইকপাড়া গ্রাম থেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা সানোয়ার হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সানোয়ার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি শাটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সানোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আলমডাঙ্গা থানায় তিনটি মামলা রয়েছে।