তিন জেলায় বাস খাদে, নিহত ৫

কুষ্টিয়া, জামালপুর ও ফরিদপুরে আজ শনিবার সকাল ও গতকাল শুক্রবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। তাদের মধ্যে কুষ্টিয়ায় দুজন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। জামালপুরে দুজন এবং ফরিদপুরে একজন নিহত হয়। কুষ্টিয়া ও ফরিদপুরে চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রী ও পুলিশের ধারণা। আর জামালপুরে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে চাপা দিয়েছে একটি মাইক্রোবাস।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল এলাকায় যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪৮ জন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনায় আহত ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুজন হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার উমানন্দ গ্রামের উমেদ আলী (৫৫) ও চিলমারী উপজেলার বালাবাড়ি গ্রামের আবদুল মজিদ (৭০)। তাঁদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে চৌড়হাস পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, বাসটি কুড়িগ্রাম থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। সাতমাইল এলাকায় গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ডান পাশের খাদে পড়ে যায়। আহত ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাত দিয়ে তিনি জানান, বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করেছে।
জামালপুর: জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকায় সকাল আটটার দিকে টাঙ্গাইল থেকে আসা একটি মাইক্রোবাস রাস্তার একপাশে দাঁড়ানো দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। বাসটি পরে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।
টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসচাপায় নিহত দুজনের নাম জহুরুল ইসলাম ও মুহাম্মদ মোস্তফা। আহত ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মোহাব্বত কবির দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ফরিদপুর: ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দা এলাকায় কুয়াকাটা থেকে কুষ্টিয়াগামী পিকনিকের একটি বাস খাদে পড়ে একজন নিহত ও ২৭ জন আহত হয়েছে।
গতকাল দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নূরুমিয়া বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মফিজুর রহমান (৪৫)। তিনি বাসের যাত্রী ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন বাসযাত্রী অভিযোগ করেন, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার বলেন, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা তাঁর কাছে অভিযোগ করেছেন। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে সড়কে তোলা হয়। বাসের চালক পালিয়ে গেছেন।