কুষ্টিয়া ও পাবনায় শহীদ মিনার ভাঙল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছা ছিল ফুলে ফুলে ভরিয়ে দেওয়া হবে শহীদ মিনারের বেদি। তারপর সেই বেদিতে শ্রদ্ধা নিবেদন করে ভাষাশহীদদের স্মরণ করা হবে। সেই অনুযায়ী পরিকল্পনা করছিল শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শহীদ মিনারটি সাজানোর পরিকল্পনা নিয়ে বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে যায় তারা। কিন্তু গতকাল সকালে তারা জানতে পারে, তাদের প্রিয় শহীদ মিনারটি কে বা কারা ভেঙে দিয়েছে।
গত বুধবার রাতে কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৩ বছরের পুরোনো শহীদ মিনারটির তিনটি স্থম্ভ ভেঙে দেয় দুর্বৃত্তরা। পাবনার চাটমোহর উপজেলার একটি শহীদ মিনারও একই রাতে ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
গতকাল কুমারখালীর যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুলের শতাধিক ছাত্রছাত্রী শহীদ মিনারের পাশে মিছিল করছে। তারা দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানায়।
বিদ্যালয়ের নৈশ্য প্রহরী মাহিরন নেছার থাকার ঘরটি শহীদ মিনারের পাশেই। তিনি জানান, শব্দ পেয়ে ঘরের বাইরে এসে দেখেন ৩৫-৪০ জন মুখোশ পরা মানুষ। তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে তাঁকে ভয় দেখায়। এরপর অনেকক্ষণ ধরে তারা শহীদ মিনারটি ভাঙে।
এদিকে, পাবনার চাটমোহর উপজেলার বোয়াইলমারী সরকারি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারটি বুধবার রাতে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
বিদ্যালয়ের নৈশ প্রহরী নূর আলম জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে হঠাৎ করে শব্দ হয়। উঠে এসে তিনি শহীদ মিনারটি ভাঙা দেখতে পান। গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, স্কুলের এক কোনায় শহীদ মিনারটির অবস্থান। নতুন করে পলেস্তারা করায় পাটের বস্তা দিয়ে ঢেকে রাখা তিনটি স্তম্ভের দুটি ভেঙে পড়ে আছে।