কুষ্টিয়া ও ফরিদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গতকাল সোমবার পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। একই দিন ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর গ্রামে স্থানীয়ভাবে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক ব্যক্তি আহত হয়েছে।
দৌলতপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের অস্ত্রোপচারের (সিজার) জন্য ডিএসএফের ওষুধ সরবরাহের জন্য কয়েক দিন আগে দরপত্র আহ্বান করা হয়। গতকাল দুপুর ১২টা পর্যন্ত হাসপাতাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৃথক দুটি বাক্সে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বর্তমান সাংসদ দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরীর ভাতিজা লোটন চৌধুরীসহ কয়েকজন ঠিকাদার হাসপাতালে দরপত্র জমা দিতে যান। এ সময় দলের বিদ্রোহী আহ্বায়ক কমিটির সদস্য ঠিকাদার সাদিকুজ্জামান ওরফে সুমন-সমর্থিত আতিয়ার রহমান বাধা দেন। এতে উভয় পক্ষের লোকজন অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কনস্টেবল আনিসুর রহমান, বজলুর রহমানসহ উভয় পক্ষের পাঁচজন আহত হন। এ সময় একুশে টেলিভিশনের সাংবাদিকের মোটরসাইকেলসহ সাতটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। এ সময় সেখানে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আকুল উদ্দীন বলেন, ‘সংঘর্ষ বাধলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের সহায়তায় দরপত্রের বাক্স নিয়ে ইউএনওর কার্যালয়ে চলে যাই।’
সাংসদের ছোট ভাই টোকেন চৌধুরী অভিযোগ করে বলেন, সাধারণ ঠিকাদারেরা দরপত্র জমা দিতে গেলে সাদিকুজ্জামানের লোকজন বাধা দেন এবং তাঁদের ধাওয়া দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাদিকুজ্জামান হাসপাতাল চত্বরে ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ করেন বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে সাদিকুজ্জামান বলেন, ‘বর্তমান সাংসদের লোকজনই সকাল থেকে দরপত্র বাক্সের কাছে বসে ছিলেন। তাঁরা কোনো দরপত্র জমা দিতে দিচ্ছিলেন না।’
সালথা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাপুর ইউনিয়নে প্রভাব বিস্তার নিয়ে যুবলীগের উপজেলা শাখার সভাপতি খায়রুজ্জামান ও সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য জাফর মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই সূত্র ধরে গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলে। উভয় পক্ষের কয়েক শ লোক লাঠি, ঢাল, সড়কি, ইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। খবর পেয়ে সালথা, নগরকান্দা, বোয়ালমারী থানা ও ফরিদপুর পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এর মধ্যে ২০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
খায়রুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের নেতা জাফরের সমর্থকেরা এলাকায় প্রভাব দেখাতে আমার সমর্থক সোবাহান মাতুব্বরকে রোববার রাতে মারধর করে। এরই জের ধরে এ সংঘর্ষ বাধে।’
তবে জাফর মোল্লা বলেন, ‘আমার সমর্থক তৌহিদ মোল্লাকে গতকাল সকালে খায়রুজ্জামানের সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে আহত করলে সংঘর্ষের সৃষ্টি হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, তিন থানা ও ফরিদপুর পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে মো. হাফিজুর রহমান (৩২) ও মো. সোবহান (৩০) নামের দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।