কুষ্টিয়া ও মাগুরায় সংঘর্ষে আহত ২০, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামে গত বৃহস্পতিবার সকালে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থক দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় সাত-আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, মদনপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নবুওয়াত খোন্দকারের সঙ্গে বিএনপি নেতা বাবলু মিয়ার দীর্ঘদিন ধরে কোন্দল চলছে। ১৪ এপ্রিল বাবলু মিয়ার সমর্থকেরা নবুওয়াত খোন্দকারের সমর্থক খলিল মোল্লাকে কুপিয়ে জখম করে।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নবুওয়াত খোন্দকারের সমর্থকেরা বাবলু মিয়ার সমর্থক সাত্তার বিশ্বাস ও আকরাম বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ ছাড়া সাত-আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিকুঞ্জ কুমার কুণ্ডু বলেন, এ ঘটনায় কেউ মামলা করেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার খোকসা উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে ক্রিকেট খেলা নিয়ে মোড়াগাছা গ্রামের পশ্চিমপাড়ার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় পূর্বপাড়ার লোকজন। পরে পশ্চিমপাড়ার লোকজন সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাইদুল ইসলাম (৩০), জনি আলম (২৩), তুহিন (১৮), রাশিদা খাতুন (২৫), রিম্পা খাতুনসহ (২৬) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।