কুষ্টিয়া ও রাজবাড়ীতে আরও ২০০টি কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল সকালে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা l ছবি: প্রথম আলো
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল সকালে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা l ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার আরও ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলায় ৫০ শিশু শিক্ষার্থী এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ১৫০ জন গরিব ও অসহায় মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয়।
কুষ্টিয়া সদর উপজেলার পূর্ব মজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৫০ শিশু শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেন বন্ধুসভার সদস্যরা। কম্বল পেয়ে শিক্ষার্থীরা জানায়, শীতে বই পড়তে তাদের অনেক সমস্যা হতো। এখন গায়ে কম্বল জড়িয়ে তারা পড়াশোনা করতে পারবে।
পূর্ব মজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মীর আনিসুর রহমান বলেন, কম্বল পেয়ে খুদে গরিব শিক্ষার্থীদের অনেক উপকার হলো।
কম্বল বিতরণের সময় অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুমা রহমান, মজমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়িতা রাশিদা খানম, বন্ধুসভার সাধারণ সম্পাদক রহুল আমিন, সহসভাপতি জাকিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মাহাফুজুর রহমান উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণে সহায়তা দেয় পাবনার চিকিৎসা পরামর্শক প্রতিষ্ঠান কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার। এ নিয়ে জেলায় ২০০ জন শীতার্তকে কম্বল দেওয়া হলো।
এদিকে গোয়ালন্দ উপজেলার বদিউজ্জামান ব্যাপারীপাড়া জামে মসজিদের সামনে গতকাল সকালে উজানচর, ছোট ভাকলা ইউনিয়ন ও গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন অঞ্চল থেকে আসা গরিব ও অসহায় ১৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় বন্ধুসভার উপদেষ্টা পরিষদের সদস্য ফরিদা আক্তার, সিদ্দিক মিয়া, সভাপতি প্রণব ঘোষ, সাধারণ সম্পাদক শেখর আহম্মেদ বাবু, সাংগঠনিক সম্পাদক তানভির আহম্মেদ নিবিড়, সদস্য শুভ্র, ফয়সাল পারভেজ, ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল হাতে পেয়ে পৌরসভার কুমড়াকান্দি গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী আমেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা বলেন, ‘প্রথম আলো আমারে কম্বলডা দিয়া বিরাড উপকার করল। কমবলটা দিইয়া আমারে বাঁচাইল।’