কুষ্টিয়া ও রাজবাড়ীতে নদীভাঙন আতঙ্কে কয়েক শ পরিবার
কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নে গড়াই নদীতে ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনে আটটি বাড়ি বিলীন হয়েছে। আতঙ্কে রয়েছে নদীপারের কয়েক শ পরিবার।এদিকে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহের ভাঙনে ২০টি বসতভিটা নদীগর্ভে চলে গেছে। এ ছাড়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি জামে মসজিদসহ তিন গ্রামের প্রায় ৩০০ পরিবারের বসতভিটা হুমকির মুখে পড়েছে।কুষ্টিয়ার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাক হোসেন জানান, গত মঙ্গলবার ও গতকাল বুধবার পানির তোড়ে আটটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম সরেজমিনে পরিদর্শন করে গেছেন। গতকাল বুধবার হরিপুর ও বোয়ালদহ এলাকা ঘুরে জানা গেছে, এ এলাকায় প্রতিদিনই গড়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে স্রোত ও ঢেউয়ের তোড়ে পাড় ভাঙছে। বোয়ালদহ নতুনপাড়ার বাসিন্দা আবদুর রশিদ বলেন, ‘মঙ্গলবার সকালে হঠাৎ আমার বাড়ির আশপাশের বেশ কয়েকটি বাড়ি এবং বাড়ির আঙিনার গাছপালা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এ সময় বাড়িতে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’ গোলজার হোসেন নামের আরেক ব্যক্তি জানান, প্রতিবছরই নদী ভাঙে, কিন্তু স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয় না।পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, প্রাথমিকভাবে বাঁশের খুঁটি দিয়ে পাড় রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ না দিলে ভাঙন ঠেকানো সম্ভব হবে না। বোয়ালদহ ও ঘোড়ার ঘাট গ্রাম এলাকায় ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য গত দুই বছরে দুটি পৃথক প্রকল্প প্রস্তাব পাঠানো হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ৮০০ মিটার দীর্ঘ বাঁধ নির্মাণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। আজও ওই প্রকল্পের কোনো সুরাহা হয়নি।রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর, চরজৌকুরা ও মহাদেবপুর গ্রামে গিয়ে দেখা গেছে, লোকজন তাঁদের বসতঘর ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।চর জৌকুরা গ্রামের মনিরুজ্জামান মণ্ডল (৭৮) বলেন, ‘দুই-চার দিনের মধ্যে বাড়ি নদীতে চলে যাবে, তাই বাড়ি ভেঙে ইট, টিনসহ সবকিছু অন্যত্র নিয়ে যাচ্ছি।’ রামচন্দ্রপুর গ্রামের আবদুর রবের স্ত্রী আমেনা বেগম বলেন, ‘ছোট ছোট এক মেয়ে ও দুই ছেলে নিয়ে সংসার। স্বামী এক বছর ধরে ঘরে পড়া (অসুস্থ)। ভালোভাবে খেতে পাই না, এখন বাড়ি সরানোর টাকা কোথায় পাব।’ চর জৌকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খবির উদ্দিন মোল্লা জানান, বিদ্যালয়ের দুটি পাকা ভবনে ২৫০ জন শিক্ষার্থী লেখাপড়া করত। ২ সেপ্টেম্বর থেকে ক্লাস বন্ধ রাখা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন আহমেদ জানান, আপাতত শিক্ষার্থীদের পার্শ্ববর্তী উচ্চবিদ্যালয়ে ক্লাস করানো হবে।