কুষ্টিয়া ও রাজবাড়ীতে সংঘর্ষে ২৪ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জামানসহ ১০ জন আহত হয়েছেন। একই দিনে রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলস্টেশন বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও জ্যেষ্ঠ সহসভাপতি আক্তারুজ্জামান মনোনয়নপত্র জমা দেন। পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আক্তারুজ্জামান মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এতে আবু বক্কর ও আক্তারুজ্জামানের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। নির্বাচনে আবু বক্কর সিদ্দিক বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।
গতকাল সকালে আক্তারুজ্জামানসহ দুই ব্যক্তি রামকৃষ্ণপুর বিদ্যুৎকেন্দ্রের কাছে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর চড়াও হন।
এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে পরে ভেড়ামারা শহরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ১০-১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আক্তারুজ্জামানসহ ১০জন আহত হন।
আবু বক্কর বলেন, ‘আমি মারামারি ফ্যাসাদের মধ্যে নাই। আমি এসব ঘটনা জানি না।’ আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
গতকাল সকাল নয়টার দিকে বেলগাছি রেলস্টেশন বাজারে একটি চায়ের দোকানে আওয়ামী লীগ-সমর্থক দুবাইপ্রবাসী হরিহরপুর গ্রামের নুরুল হকের সঙ্গে প্রতিবেশী বিএনপি-সমর্থক কামাল শেখের কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের সমর্থকেরা জড়ো হলে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের পক্ষের ১০-১২ জন এবং বিএনপির পক্ষের চারজন আহত হন। তাঁদের মধ্যে খানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজাদ শেখকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। একপর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের নির্মাণাধীন কার্যালয় ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
রাজবাড়ী সদর থানার ওসি আবদুল খালেক জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কোনো পক্ষই এখনো লিখিত অভিযোগ করেনি।