কুষ্টিয়া কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়া সরকারি কলেজের প্রধান ফটকের সামনে গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি। এ সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিস্ফোরণের সময় ঘটনাস্থলের প্রায় ১০ গজ দূরে কলেজ কেনটিনের সামনে পাঁচ-ছয়জন পুলিশ দাঁড়িয়ে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।কলেজের কর্মচারী মোহাম্মদ বেলাল হোসেন বলেন, তিনি দুপুর পৌনে ১২টার দিকে কলেজ থেকে বের হচ্ছিলেন। প্রধান ফটক পার হওয়ার পর পরই তিনি বিকট শব্দ শুনতে পান। তাকিয়ে দেখেন, দুই হাত দূরে বিস্ফোরিত একটি জর্দার কৌটা পড়ে আছে। কলেজের একাধিক শিক্ষার্থী জানান, বেলা ১১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল করেন। মিছিলের কিছুক্ষণ পরেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কলেজে দায়িত্বরত কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক হারাধন বিশ্বাস বলেন, ঘটনার সময় পুলিশের সদস্যরা কলেজের ভেতরে ছিলেন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।