কুষ্টিয়া জেলা ছাত্রলীগ চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার চার বছরেও নতুন কমিটি হচ্ছে না। সম্মেলনের তারিখ নির্ধারণের জন্য গত ২৪ মে বর্ধিত সভা আহ্বান করা হয়েছিল। কিন্তু কেন্দ্রের নির্দেশে সে সভা ও সম্মেলনের উদ্যোগ থমকে যায়। জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ১৫ বছর আগে। মেয়াদোত্তীর্ণ কমিটির অনেক নেতাই বিবাহিত এবং ঠিকাদারিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত। সূত্র জানায়, ১৯৯৫ সালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়। এরপর ২০০৩ সালে কেন্দ্র থেকে একটি কমিটি করে দেওয়া হয়। ওই কমিটির সভাপতির বিরুদ্ধে বেশির ভাগ নেতা-কর্মী অনাস্থা আনার পর ২০০৪ সালে কেন্দ্র থেকে পুনরায় জেলা ছাত্রলীগের কমিটি করে দেওয়া হয়। কমিটির মেয়াদ ছিল দুই বছর। ওই কমিটি দিয়েই চলছে জেলা ছাত্রলীগ। কমিটির বেশির ভাগ নেতারই ছাত্রত্ব পার হয়েছে অনেক আগে। ১০১ সদস্যবিশিষ্ট ওই কমিটির নেতাদের অনেকে বিবাহিত, অনেকে ঠিকাদারিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত। আবার কেউ কেউ বিদেশেও পাড়ি দিয়েছেন। জেলা ছাত্রলীগের সভাপতি মাজহারুল আলম বলেন, দলকে নতুন করে ঢেলে সাজাতে দীর্ঘদিন পরে হলেও সম্ভাব্য তারিখ ১৬ জুন নির্ধারণ করে সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তা স্থগিত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগের এক নেতা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের কারণে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জেলা ছাত্রলীগের সম্মেলনে এসে কেন্দ্রীয় নেতারা তোপের মুখে পড়তে পারেন—এমন আশঙ্কায়ই সম্ভবত তাঁরা কুষ্টিয়ায় আসতে চাইছেন না।