কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনের গেজেট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রবিউল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ-সংক্রান্ত গেজেট গত রোববার প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জহির রায়হান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত বছরের ২৮ ডিসেম্বর কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তার আগে চেয়ারম্যান পদপ্রার্থী কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে তিনি উচ্চ আদালতে আপিল করেন। ফলে চেয়ারম্যান পদে ভোট স্থগিত করা হয়।
ওই দিন কেবল সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ভোট নেওয়া হয়। সম্প্রতি উচ্চ আদালতের একটি যৌথ বেঞ্চ গোলাম মহসিনের আপিলটি খারিজ করে দেন। ফলে রবিউলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করার ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা মো. জহির রায়হান ৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে চিঠি দেন। কমিশন জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ অনুযায়ী রবিউলকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করে গত শনিবার গেজেট প্রকাশ করে।
রবিউল ইসলাম কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। গেজেট প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে তিনি প্রথম আলোকে বলেন, এক সপ্তাহের মধ্যেই তিনি চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন বলে আশা করছেন।